কো-অর্ডিনেটর পদে অ্যাসিস্টেন্ট প্রফেসরকে দায়িত্ব দেওয়া নিয়ে বিতর্ক গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
দি নিউজ লায়নঃ কো-অর্ডিনেটর পদে একজন অ্যাসিস্টেন্ট প্রফেসরকে দায়িত্ব দেওয়া নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী এক সময় বলেছিলেন কো-ডিনেটর পদটি নিয়ম বিরোধী। অথচ তিনি এবার এই পদে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে আরবি বিভাগের দায়িত্ব দিয়েছেন। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।
এবিষয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার মালদা জেলার আহ্বায়ক তথা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেক আলি বলেন, সাম্প্রতিক অতীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্ট্যাটুট বিরোধী একাধিক সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের তরফে বিষয়টি বারবার উপাচার্যের কাছে জানানো হয়েছে। তবে সেগুলিতে কর্ণপাত করা হয়নি। সংগঠনগত ভাবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, উপাচার্যের নির্দেশ মতোই আরবি বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে দাায়িত্ব দেওয়া হয়েছে ওই বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মহম্মদ নাজমুল হককে। যেখান ওই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে বিভাগীয় প্রধান হওয়ার কথা সাইফুদ্দিন আহমেদের।এর ফলে নতুন করে বিতর্কে জড়িয়েছেন উপাচার্য।বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশের অভিযোগ, আগে যারা কো-অর্ডিনেটর ছিলেন, তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছিল ।
সে সময় উপাচার্য যুক্তি দিয়েছিলেন কো-অর্ডিনেটর পদটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম বিরোধী । অথচ সেই উপাচার্যই আবার আরবি বিভাগের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে নতুন করে কো-অর্ডিনেটরের দায়িত্ব দিয়েছেন । গত ২৪ জুলাই এক্সিকিউটিভ কাউন্সিল (ইসি) বৈঠকে আরবির প্রধান নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র মারফৎ খবর। সেখানে প্রধান হিসেবে সইফুদ্দিন আহমেদকে প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর।
অথচ কার্যক্ষেত্রে প্রধান নিয়োগ দূরে থাক, কো-অর্ডিনেটর নিয়োগ করেছেন উপাচার্য। আবার সেই নিয়োগও বিশ্ববিদ্যালয়ের রোটেশন অনুযায়ী হয়নি বলে অভিযোগ। এ প্রসঙ্গে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী বলেন, ইসি বৈঠকে আরবি বিভাগের প্রধান নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। তবে ওই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সাইফুদ্দিন আহমেদ অসুস্থ থাকার কারণে আপাতত নাজমুল হক কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব সামলাবেন।

Post a Comment